প্রকাশকদের ডিজিটাল বই প্রকাশের আহ্বান জানালেন মোস্তাফা জব্বার
ফের কাগজের বইয়ের পাশাপাশি ডিজিটাল বই প্রকাশে এগিয়ে আসতে প্রকাশকদের পরামর্শ দিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩ উপলক্ষ্যে অন্যদিন ও এক্সিম ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান মন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, পশ্চিম বাংলায় আধুনিক বাংলাসাহিত্য ও বাংলা প্রকাশনার উন্মেষ, বিকাশ সাধিত হলেও বিশ্বের ৩৫ কোটি বাংলা ভাষাভাষীর জন্য বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রাজধানী। বাংলাদেশই ডিজিটাল প্রযুক্তিতে বাংলার এনকোডিং ও কিবোর্ডের মান প্রমিত করেছে। বাংলা ভাষার ১৬টি টুলস উন্নয়নের জন্য সরকার কাজ করছে।
ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে, অধ্যাপক মো: জাফর ইকবাল, সাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো: আবদুর বারী এবং নবীন সাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রকাশকদের ডিজিটাল প্রকাশনায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, প্রকাশকদের বড় সমস্যার নাম মার্কেটিং। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে সে সঙ্কট আজ কেটে গেছে। কেননা ডেস্কটপ পাবলিশিংয়ের আগে দেশে সীসার হরফ তার পর ফটো টাইপসেটার ছিল মূদ্রণ শিল্পের প্রযুক্তি। পৃথিবীতে প্রথম দেশ বাংলাদেশই ট্রেসিং পেপারে প্রকাশনার কাজ করেছে। এজন্য দীর্ঘ প্রচেষ্টায় আমি সফলতা পেয়েছি। এরই ফলে ৮ পৃষ্ঠার একটি পত্রিকা প্রকাশ করতে যেখানে ১২০জন মানুষের প্রয়োজন হতো সেখানে মাত্র ২০জন মানুষ ৮ পৃষ্ঠার পত্রিকা প্রকাশের জন্য যথেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় প্রকাশনা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। এটি আমার জন্য সৌভাগ্যের যে দেশের কাগজে প্রকাশিত বইয়ের শতভাগ আমার তৈরি অক্ষর দিয়ে ছাপা হয়।
বক্তব্য দেয়ার পর মন্ত্রী বিজয়ীদের মধ্যে হুমায়ুন সাহিত্য পুরস্কার হস্তান্তর করেন।
হুমায়ুন সাহিত্য পুরস্কার ২০২৩ পুরস্কৃত হয়েছেন দুই প্রজন্মের দুই সাহিত্যিক। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এবার পুরস্কার পেয়েছেন ইমদাদুল হক মিলন। এছাড়া নবীন সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ। ২০১৫ সালে শুরু হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’। ২০১৫ সালে এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে শওকত আলী ও সাদিয়া মাহ্জাবীন ইমাম। ২০১৬ সালে হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান, ২০১৭ সালে জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফ্ফর হোসেন, ২০১৮ সালে রিজিয়া রহমান ও ফাতিমা রুমি, ২০১৯ সালে রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন, ২০২০ সালে হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ, ২০২১ সালে সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন এবং ২০২২ সালে পুরস্কৃত হয়েছেন আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম।







